আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ নভেম্বর: হোমিওপ্যাথি ডাক্তারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানিহাটির আদর্শ নগর এলাকায়। শনিবার ভোর রাতে নিজের বাড়ির শৌচালয়ের মধ্যে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় বলে সূত্রের খবর। বাড়িতে একাই থাকতেন ওই চিকিৎসক নির্মল ঘোষ। বাড়ির পেছন দিকে শৌচালয় এবং সেই শৌচাল থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।
প্রতিবেশীদের কথা অনুযায়ী, এলাকার কোন মানুষের শরীর খারাপ হলেই ডাক্তার বাবুর কাছে নিয়ে যাওয়া হতো ঠিক সেই রকমই এদিন ভোর বেলা অসুস্থ রোগীকে এনে এলাকাবাসী ডাক্তার বাবুর খোঁজ করলে তার কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর দীর্ঘক্ষণ ডেকেও কোনও সাড়া না পাওয়ার পাড়ার লোকেরা এবং তার অন্যান্য আত্মীয়রা এসে বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখেন ডাক্তারবাবুর দেহ বাড়ির বাথরুমে পড়ে রয়েছে। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডাক্তারের বাড়ির লোকজনের সাথে কথা বলে রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

