নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ এপ্রিল: মমতাকে শোকজ করা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। বৃহস্পতিবার কলকাতায় সংগঠনের রাজ্য সংযোজক আলি আফজাল চাঁদ বলেন, ধর্মের নামে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চেয়ে অসাংবিধানিক কাজ করেছেন। তার জন্য কমিশন তাকে শোকজ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, হুগলীতে এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল। বিজেপির থেকে টাকা খেয়ে আব্বাস সিদ্দিকী মুসলিম ভোট ভাগাভাগি করছে। বিজেপিকে আটকাতে সকল মুসলিমকে এক হয়ে তৃণমূলকে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী।

সেই প্রসঙ্গে এদিন আলি আফজাল চাঁদ বলেন, একজন মুখ্যমন্ত্রী ধর্মের নামে ভোট চাইতে পারেন না। ওনার পদ কোনও ধর্মের কোনও বর্ণের হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে ভোট চাইতে পারেন। সেটা ওনার সাংবিধানিক অধিকার। কিন্তু কোনও ধর্মের নামে ভোট চেয়ে উনি অন্যায় কাজ করেছেন। কমিশন প্রাথমিকভাবে ব্যবস্থা নিয়েছে। তবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই ঘটনার উপর নজর রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরের পর কমিশন কড়া ব্যবস্থা না নিলে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আইনি পথে হাঁটবে বলে জানিয়েছেন আলি আফজাল চাঁদ।

