আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেলো মুসলিম পক্ষ। মথুরার শাহি ইদগাহ মসজিদ চত্বরে সমীক্ষার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এবার সেই নির্দেশই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। যার ফলে মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান মামলায় শাহী ইদগাহ মসজিদে হবে সমীক্ষা।
হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন, বিষ্ণু শঙ্কর জৈন, প্রভাস পান্ডে এবং দেবকি নন্দন মথুর শাহি ইদগাহকে শ্রীকৃষ্ণ জন্মভূমি বলে চিহ্নিত করে সেখানে জমি মাপজোক এবং বৈজ্ঞানিক সমীক্ষার দাবি তুলেছিলেন। এর বিরোধিতা করেছিল মুসলিম পক্ষ। এই মামলা প্রথমে মথুরার নিম্ন আদালতে দায়ের হয়। সেখানে মামলার বিরোধিতা করে ২০২২ সালে ডিসেম্বর মাসে মুসলিম পক্ষ হাইকোর্টে যায়। সেখানে মামলাতে হিন্দু পক্ষের আবেদনে অর্থাৎ মসজিদ চত্বরে সমীক্ষার আবেদন মঞ্জুর করে এলাহাবাদ হাইকোর্ট।
এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয় মুসলিম পক্ষ। এবার দেশের শীর্ষ আদালত সমীক্ষা করার রায় বহাল রাখল।
মথুরায় প্রাচীন কাটরা স্তুপ যা কাটরা কেশব দাস নামে পরিচিত ওই এলাকায় শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্সের পাশেই রয়েছে শাহি ইদগাহ মসজিদ। হিন্দু পক্ষের দাবি, ইদগাহ মসজিদের ওই জমিতে কৃষ্ণের জন্মস্থানে ছিল প্রাচীন কেশব দাস মন্দির। কাশীর আসল বিশ্বনাথ মন্দিরের মতোই মথুরার মন্দিরটিও ধ্বংস করেছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব। অভিযোগ, ঔরঙ্গজেবের নির্দেশে ১৬৬৯-১৬৭০ সালে তৈরি হয় মসজিদটি কাটরা কেশব দাস মন্দিরের ১৩. ৩৭ একর জমিতে।
শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চ এদিন মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দেয়।

