সাথী দাস, পুরুলিয়া, ৩ আগস্ট: পুলিশকে নিয়ে পুরুলিয়ার রাস্তায় থাকা গবাদি পশু তুলছে স্থানীয় পুরসভা। কার্যত আজ থেকেই ট্রাফিক জ্যাম আর দুর্ঘটনা রুখতে গবাদি পশু রাস্তা থেকে তোলার অভিযান শুরু হল পুরুলিয়ায়। পুরসভা, পুরুলিয়া সদর থানা ও গৌরক্ষিনি সভার যৌথ উদ্যোগে এই অভিযান শুরু হয়। রাস্তা থেকে গবাদি পশু তুলে পুরুলিয়া শহরের গোশালায় রাখা হচ্ছে। সেখান থেকে দাবিদাররা তাদের গবাদি পশুকে নিজেদের হেফাজতে রাখতে পারবেন শর্ত সাপেক্ষে।

পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় দেখা গিয়েছে প্রচুর গবাদি পশু, যারা যান চলাচলে বাধার সৃষ্টি করে। এর জন্যে প্রচুর দুর্ঘটনাও ঘটে। দেখা গিয়েছে ওই সব গবাদি পশুর মালিক সকাল হলেই রাস্তায় ছেড়ে দেন। এছাড়া দাবিদারহীন গবাদি পশুও রাস্তায় দিন রাত থাকে। এই সমস্যায় জেরবার হন পথচারীরা। সেই অভিযোগ পুরসভা এবং থানায় যায়। তার ভিত্তিতেই এই অভিযান বলে জানান পুরুলিয়া পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য বৈদ্যনাথ মণ্ডল।


