সাথী দাস, পুরুলিয়া, ২৭ জুন: একাধিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য রঘুনাথপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে আন্দোলন ভারত জাকাত মাঝি পারগানা মহল ও জোওয়ান মহলের। রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন আদিবাসী মানুষের উন্নয়ন এবং অন্যান্য অধিকার ও কাজের দাবিতে এই ঘেরাও।

তাদের অভিযোগ, প্রতিশ্রুতি মতো দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও আদিবাসীদের কোনো রকম চাকরি বা তাদের কোনোরকম কর্মসংস্থান হয়নি। কর্তৃপক্ষ শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে। তাই আজ ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং জোওয়ান মহলের ডাকে কর্মসংস্থানের দাবিসহ একাধিক দাবি নিয়ে রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন ঘেরাও করা হয়।
মূলত তাদের দাবিগুলি হল প্রত্যেক জমিহারা ব্যক্তিকে চাকরি দিতে দিতে হবে। রঘুনাথপুর পাওয়ার স্টেশনের কাছে ১০ কিলোমিটার এলাকা জুড়ে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করতে হবে। রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের কাছাকাছি আদিবাসী গ্রামগুলিতে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার সুবিধার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। ডিভিসির জলে ডুবে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দিতে হবে। ২০১৩ সালে রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা যাওয়া তারাপদ হাঁসদার উত্তরাধিকারীকে অবিলম্বে চাকরি দিতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

ভারত জাকাত মাঝি পারগানা মহলের পুরুলিয়া জেলার সভাপতি রাজেন টুডু হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের দাবি না মানা হলে পরবর্তীকালে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

