আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ জুন: কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে জলপাইগুড়ি পুরসভার আম্রুত প্রকল্পের কাজে, এই অভিযোগ তুলে আন্দোলনে নামল টাউন ব্লক কংগ্রেস। রেসকোর্স পাড়ার বিবেকানন্দ মার্কেটের মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট অফিসে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতা কর্মীরা। কাজের হিসেব চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দশ দিনের মধ্যে আম্রুত প্রকল্পের কাজের খতিয়ান ও আর্থিক হিসেব না পেলে আদালতের মাধ্যমে ইডি তদন্তের দাবি জানানোর হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস।
আম্রুত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে জানা গিয়েছে। কাজ শুরু হলেও এখনও বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পৌঁছয়নি।
অন্যদিকে প্রকল্প বাস্তবায়িত করতে শহরজুড়ে ছোট বড় একাধিক রাস্তার মাটি খুঁড়ে বসানো হয় জলের পাইন। একাধিক এলাকায় ম্যাস্টিকের নতুন রাস্তা ভেঙ্গে জলের পাইপ বসানো হয়েছিল। ভেঙ্গে দেওয়া রাস্তা সংস্কারের জন্য আলাদা করে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে। অভিযোগ, রাস্তা সংস্কার না করেই কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে নির্দিষ্ট দফতরের আধিকারিকরা। এদিন টাউন ব্লক কংগ্রেস কমিটি ও বিরোধী দলের কাউন্সিলরা আন্দোলনে নামলেন। মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট অফিসের আধিকারিকদের কাছে কাজের হিসেব চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এদিন। পরে পাঁচ দফা দাবি তুলে দেওয়া হয় কংগ্রেসের তরফে।
টাউন ব্লক কংগ্রেস সভাপতি তথা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিল অম্লান মুনসি বলেন, “শহরের ৯০ শতাংশ রাস্তা বেহালের কারণ আম্রুত প্রকল্পের কারণে। সেই প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। পুরসভা সহ এমইডি দফতর জড়িত। হিসেব চাওয়া হয়েছে। দশ দিনের মধ্যে হিসেব না পেলে আদালতের মাধ্যমে ইডির কাছে আবেদন জানাবো তদন্তের।”
এমইডি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জিৎ নাথ দুবে বলেন, “সঠিক নিময় মেনে কাজ হচ্ছে। তবে কংগ্রেস হিসেব চেয়েছে সেগুলো দেওয়া হবে।”

