একমাত্র ছেলের হাতে আক্রান্ত মা, শাস্তির দাবিতে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ মার্চ: জমি বিবাদের জেরে একমাত্র ছেলের হাতে আক্রান্ত মা। দুই মেয়েকে সাথে নিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। ঘটনাটি শান্তিপুর থানার বাথানগাছি পাবনা পাড়ায়।

ওই এলাকার বাসিন্দা দীপালি ঘোষ জানান, তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্বামী এক বছর আগে মারা গেছেন। এর পরে কোনওরকমে রোজগার করে তিন ছেলে মেয়েকে নিয়ে চলছেন। ছেলের ১৮ বছর বয়স হতেই বিয়ে করে এবং স্ত্রীকে নিয়ে অন্যজায়গায় থাকে। দীপালি ঘোষের অভিযোগ, তার স্বামীর তিনবিঘা চাষের জমিতে তার ছেলে বাড়ি করে থাকার পাশাপাশি দেখাশোনা করে। কিন্তু ছেলের দাবি ওই সম্পত্তি এবং তাঁর মা যেখানে বসবাস করেন তা ছেলের নামে লিখে দিতে হবে। এই নিয়ে মাঝেমধ্যেই মায়ের সাথে বিবাদ হয় ছেলের। এদিন একই ঘটনায় বিবাদ চরমে ওঠে, এর পরেই পাথর ছুড়ে দীপালি ঘোষের মাথা ফাটিয়ে দেয় ছেলে সুকেশ ঘোষ। দীপালি ঘোষের দুই মেয়ে প্রতিবাদ করলে তাদেরও মারধর করতে যায় সুকেশ ঘোষ। এই ঘটনায় শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে দুই মেয়েকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হন দীপালি ঘোষ। ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *