কিশোরী মেয়েকে অপহরণ করে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে, মায়ের অভিযোগ দায়ের বালুরঘাট থানায়

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ জুলাই: নাবালিকা মেয়েকে অপহরণ করে বিক্রি করবার অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের মায়ের। সোমবার এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন অসহায় এক মহিলা।

মহিলার অভিযোগ, তার স্বামী কাজল দেবনাথ টাকার বিনিময়ে নাবালিকা মেয়েকে বিহারের এক ছেলের কাছে বিক্রি করে দিয়েছে। যার কারণে রবিবার রাতে জোর করে বাড়ি থেকে ওই ১৫ বছরের কিশোরী মেয়েকে তুলে নিয়ে যায় তার বাবা বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, ওই মহিলার বাড়ি বালুরঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ডের সুভাষ কর্ণার এলাকায়। তিন মেয়ের মধ্যে বড় মেয়ে মানসিক ভারসাম্যহীন হলেও মেজো মেয়ের বয়স ১৭ বছর এবং ছোট মেয়ের বয়স ১৫ বছর। ছোট মেয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ে। মহিলার স্বামী পেশায় গাড়ির চালক। আর সেই সুবাদেই বিহারের এক যুবকের সাথে তার পরিচয় হয়। মায়ের অভিযোগ, সেই যুবকের কাছেই নিজের মেয়েকে অপহরণ করে বিক্রি করে দিয়েছে তার বাবা। শুধু তাই নয়, তার আরও অভিযোগ, এর আগেও মেজো মেয়েকেও তার বাবা বিহারে জোর করে নিয়ে গিয়েছিল বিক্রির উদ্দেশ্যে। যদিও সেই মেয়েকে প্রশাসনের তরফে উদ্ধার করে একটি হোমে রাখবার ব্যবস্থা করা হয়। এবারে ছোট মেয়েকে ফের অন্য ছেলের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে এদিন কিছুটা অসহায় অবস্থায় মা বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন।

মা আরতী দেবনাথ বলেন, একের পর এক অত্যাচার সহ্য করেই চলেছিলেন। কিন্তু এভাবে মেয়েদের বিক্রি করা কোনোভাবেই বরদাস্ত করবেন না। তাই কোনো উপায় না পেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

যদিও অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *