হাবড়ায় ছেলের মৃতদেহ চার দিন ধরে আগলে মা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জুন: ছেলের পচাগলা দেহ চারদিন ধরে ঘরের মধ্যে আগলে বসে রইলেন মা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা থানার জয়গাছি বেলতলা এলাকায়।ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, দুদিন ধরে পচা দুর্গন্ধ বেরচ্ছিল এলাকায়। কিন্তু কোথা থেকে এই গন্ধ আসছে কেউ বুঝতে পারছিল না। তবে পচা-গলা দেহ থেকে দুর্গন্ধ বেরতে শুরু হলেই স্থানীয় বাসিন্দারা হাবড়া থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর পঁয়ষট্টির সুনীল দত্ত ও তার মা কমলা দত্ত একই বাড়িতে দীর্ঘদিন বসবাস করছিলেন। দু’দিন ধরে হঠাৎ দুর্গন্ধ বেরতে শুরু হলে জানালা দিয়ে দেখতে পান সুনীলের মৃতদেহ আগলে বসে রয়েছেন মা কমলা দত্ত। তবে বয়সজনিত কারণে ছেলের মৃত্যু হয়েছে তিনি বুঝতেই পারছেন না, সেই কারণেই তিনি মৃতদেহ আগলে বসেছিলেন বলে অনুমান পুলিশের।

মা কমলাদেবীকে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *