আমাদের ভারত, বর্ধমান, ১৪ জুন: ছেলে বিজেপি দলের সঙ্গে যুক্ত। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল। সেই কারণে তাদের পরিবারকে এলাকা ছাড়া করার নিদান দিয়েছে তৃণমূল কংগ্রেস এমন অভিযোগ তুললেন সুজাতা সরকার নামে এক মহিলা। বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকার এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুজাতা সরকারের ছেলে নবীন সরকার একজন দুষ্কৃতী তাই তাকে এলাকায় থাকতে দিতে রাজি নয় এলাকাবাসী। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বিজেপি কর্মী নবীন সরকারের পরিবার প্রায় ৩৫ বছর ধরে আলমগঞ্জ এলাকায় সন্তোষ গিরি নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া আছেন। নির্বাচনের সময় নবীন সরকারের বিরুদ্ধে রিভালভার নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শাসানোর অভিযোগ ওঠে। এমনকি রাজনৈতিক গন্ডগোলেও তার নাম জড়ায়। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অনেক বিজেপি কর্মীর সঙ্গে নবীন সরকারও ঘরছাড়া। নবীন সরকারের মা সুজাতা সরকার বলেন , “আমার ছেলে ভোটের পর থেকে বাড়ি ছাড়া। এই মুহূর্তে ছেলে বাড়িতে না ফেরায় লোকের বাড়িতে কাজ করে দু’ মুঠো খাবার জোগাড় করতে হচ্ছে। যে বাড়িতে ভাড়া আছি আজ সেই বাড়ি থেকে আমার জিনিসপত্র বের করে দেওয়া হয়েছে। আমি তৃণমূল কর্মীদের কাছে আবেদন করেছি যাতে আমাদের এলাকায় থাকতে দেওয়া হয়। কিন্তু ওরা আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছে। ফলে বাড়ির সমস্ত আসবাব জিনিসপত্র নিয়ে এক প্রতিবেশীর কাছে আশ্রয় নিয়েছি।
অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মিঠু সিং বলেন, ইতিমধ্যেই এলাকার অন্যান্য বিজেপি কর্মীদের তৃণমূলের পক্ষ থেকে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই এলাকার একমাত্র বিজেপি কর্মী নবীন সরকার ভোটের আগে এবং ভোটের দিন হাতে রিভলবার নিয়ে সন্ত্রাস চালিয়েছে, সুতরাং এইরকম দুষ্কৃতির এই এলাকায় ঠাঁই নেই। এটা এলাকার মানুষ চাইছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। পুলিশ জানিয়েছে, আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নেবো।

