অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ আগস্ট:
ব্লক প্রশাসনের কর্মী এবং ব্লকে প্রশাসনিক সুবিধা নিতে আসা দূরবর্তী এলাকার মানুষের প্রয়োজনের কথা ভেবে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনিক ভবনের সামনে সরকারিভাবে ‘মা ক্যান্টিন’ এর উদ্বোধন করলেন বিডিও দেবজ্যোতি পাত্র। এই মা ক্যান্টিনে যেমন ব্লক প্রশাসনের কর্মীরা দুপুরের খাবার, চা, টিফিন খেতে পারবেন তেমন দূরবর্তী এলাকার মানুষজন ব্লক অফিসে আসলে প্রয়োজন মাফিক খাবারও সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন সুত্রে।

এবিষয়ে ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র বলেন, প্রাথমিকভাবে ব্লকের মা ক্যান্টিনের খাবার পরিবেশনের জন্য পরিচালক সংঘকে একটি দাম বেঁধে দেওয়া হয়েছে। কিছুটা সুবিধাজনক দামে ব্লক প্রশাসনের কর্মী এবং সাধারণ মানুষ খাবার সংগ্রহ করতে পারবেন। পরে যাতে রাজ্য সরকারের মা ক্যান্টিনের নির্ধারিত দামে খাবার পরিবেশন করা যায় তার চেষ্টা চলছে।
অনদিকে, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত ঘোষ জানান, যে জায়গায় মা ক্যান্টিন উদ্বোধন হয়েছে সেই জায়গায় আগে একটি ক্যান্টিন ছিল। পরে সেটি বন্ধ থাকার জন্য পুনরায় চালু হল বীরাঙ্গনা সংঘকে দিয়ে। এতে ব্লক প্রশাসনের কর্মীরা যেমন উপকৃত হবেন তেমন সাধারণ মানুষও খাবার খেতে পারবেন। তবে এখন সাধারণ ভাবে চললেও পরবর্তী সময়ে রাজ্য সরকারের নির্ধারিত ৫ টাকা মূল্যে দুপুরের খাবার পাবেন সাধারণ মানুষ।

