বিয়ে বাড়িতে ঘুরতে এসে নবদ্বীপে ভাগীরথীর জলে তলিয়ে গেল মা ও মেয়ে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ এপ্রিল: বিয়ে বাড়িতে ঘুরতে এসে ভাগীরথী নদীতে নৌকো করে ঘুরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ হয়ে গেল একটি দেড় বছর বয়সী শিশুকন্যা সহ মা। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভা প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য কলোনি এলাকায়।

জানাগেছে, ওই এলাকার বসবাসকারী একটি পরিবারের বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে শ্যামনগর থেকে পূজা মুহুরী নামের আনুমানিক ২৪ বছর বয়সী এক গৃহবধূ তার দেড় বছরের শিশুকন্যা ও স্বামীকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে আসেন। শনিবার আনুমানিক বেলা বারোটা নাগাদ অনুষ্ঠান বাড়িতে উপস্থিত জনা দশেক আত্মীয়-স্বজন মিলে একটি নৌকো করে ভাগীরথী নদী পার হয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় হঠাৎ করে তাদের নৌকাটি নদীতে ডুবে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। নৌকাডুবির ঘটনাটি দেখতে পেয়ে নদীর পাড়ে থাকা স্থানীয় বাসিন্দারা বাকিদের উদ্ধার করতে পারলেও পূজা মুহুরী ও তার দেড় বছরের শিশুকন্যা জলে তলিয়ে যায়। নিখোঁজ পূজা মুহুরী সাঁতার জানতেন না বলে জানা গিয়েছে পরিবার সূত্রে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে নিখোঁজ শিশুকন্যা সহ ওই মহিলার খোঁজে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের খবর দেওয়ার পাশাপাশি নদীগর্ভে তল্লাশি শুরু করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অনুষ্ঠান বাড়ি সহ ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *