সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: গত কালকের পর ফের মাধ্যমিক পরীক্ষায় বসার আগে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী।অসুস্থ ওই পরীক্ষার্থীর নাম কলাবতী রুইদাস। পুরুলিয়ার টামনা থানার মানিকডি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় গোবিন্দপুর হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষারকেন্দ্র কড়াডি জয়দয়াল রাজগড়িয়া হাই স্কুল।
গতকাল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর থেকে অসুস্থ হয়ে পড়ে সে। কাশি ও শ্বাসকষ্ট হয় তার। তখনই তাকে চাকোলতোড় হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল। বিষয়টি জেলা মাধ্যমিক পরীক্ষার পুরুলিয়া সদর মহকুমা মনিটরিং কমিটির কানে আসতেই, তৎপরতার সঙ্গে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিশেষ ব্যবস্থা করেন তাঁরা। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে বিশেষ কক্ষে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। পর্ষদের নিয়ম ও নির্দেশ মেনেই পরীক্ষা দেয় অসুস্থ কলাবতী। এক হাতে স্যালাইন নিয়ে চিকিৎসাধীন ওই ছাত্রী ভূগোল বিষয় পরীক্ষা দেয়। স্বস্তি পান ছাত্রীর দুঃস্থ পরিবার। স্বস্তি মেলে পুরুলিয়া সদর মহকুমা মনিটরিং কমিটির অমিত মাহাতো, প্রকাশ মাহাতো, দীনেশ মাহাতোর। তাঁরা জানান, “গতকাল এমনই অসুস্থ হয়ে পড়েছিল দুই পরীক্ষার্থী। আজ এই ছাত্রীকে উৎসাহ দিই আমরা ওর সাফল্য কামনা করি।”

চিকিৎসাধীন পরীক্ষার্থীর মা শকুন্তলা রুইদাস বলেন, “আমরা কী করব খুঁজে পাচ্ছিলাম না। ভেবেছিলাম মেয়ের বাকি পরীক্ষাগুলো আর দেওয়া হবে না। পরীক্ষার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাই।” তাঁর হাতে অসুস্থ মেয়ের জন্য ফল ও প্রোটিন, ভিটামিন যুক্ত খাবার তুলে দেন মনিটরিং কমিটির ওই সদস্যরা।

