টাকা আমার নয় পার্থর, ম্যারাথন জেরায় স্বীকার অর্পিতার

আমাদের ভারত, ২৮ জুলাই:
ইডি একের পর এক চিচিং ফাঁক করে চলেছে আর আলিবাবার গুহা থেকে বেরিয়ে চলেছে সম্পত্তির পাহাড়। থরে থরে সাজানো নোটের বান্ডিল, সোনার বাট, মুঠো মুঠো সোনার কয়েন, চোখ ধাঁধানো সোনা রূপোর গয়না। টালিগঞ্জের পর অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটেও খাজানার হদিশ পেয়েছে ইডি। দুটি ফ্ল্যাট মিলিয়ে হাফ সেঞ্চুরি হয়েছে। এই দুর্নীতিতে উদ্ধার সম্পত্তির শেকড় খুঁজতে ম্যারাথন জেরা শুরু হতেই মুখ খুলতে বাধ্য হয়েছেন অর্পিতা।

ইডি সূত্রে খবর, জেরার মুখে কান্নায় ভেঙে বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। বুধবার রাতে যখন তার বেলঘড়িয়ার ফ্ল্যাটে নগদ টাকার গণনা চলছে। উত্তেজনায় জেগে যখন রাজ্যবাসী। তখন সিজিও কমপ্লেক্সে চলছিল চূড়ান্ত ম্যারাথন জেরা। ৫০ কোটিরও বেশি নগদ যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই অর্পিতা মুখোপাধ্যায় আধিকারিকদের লাগাতার প্রশ্নের মুখে ভেঙে পড়েন।

ইডি সূত্রে খবর, একাধিক ফ্ল্যাটের এই মালকিন জেরায় বলেছেন, উদ্ধার হওয়া টাকার পাহাড় তার নয়। অর্পিতা বলেছেন, “ওই টাকা আমার নয়। ওই রুমে আমার যাওয়া বারণ ছিল। টাকা যে রাখা হতো জানতাম। কিন্তু এত টাকা ছিল তা জানতাম না।” ইডি সূত্রে দাবি, জেরায় তিনি পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন।

এসএসসিএর নিয়োগ দুর্নীতির মামলায় অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২১ কোটি টাকা উদ্ধার করেছিল। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইডি। চোখ কপালে উঠে যায় সাধারণ মানুষের। এরপর নতুন করে বুধবার অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কুবেরের ধন উদ্ধার করে ইডি।

সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ আনুমানিক ৩০ কোটির কাছাকাছি। বাথরুম থেকে উদ্ধার হয়েছে মুঠো মুঠো রুপোর কয়েন। তিন কেজি সোনার বার ও ৫০০ গ্রাম ওজনের সোনার বালা, যার আনুমানিক মূল্য ৪.৩১ কোটি। এছাড়াও পাওয়া গেছে এক কোটি টাকার ফিক্স ডিপোজিটের নথিসহ একাধিক দলিল ও গুরুত্বপূর্ণ কাগজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *