আমাদের ভারত, ৩১ মার্চ: উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে দীর্ঘদিন ধরেই আফস্পা প্রত্যাহারের দাবি উঠেছিল। এমনকি সদ্যসমাপ্ত মণিপুর বিধানসভা নির্বাচনেও গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এই আফস্পা প্রত্যাহার। প্রায় সবকটি রাজনৈতিক দলই রাজ্যে ক্ষমতায় এলে আফস্পা তুলে নেওয়ার কথা বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত মণিপুরের সাধারণ মানুষ বিজেপির ওপরই আস্থা রাখে।
এবার দীর্ঘদিনের সেই দাবিকে মান্যতা দেওয়ার পথে একধাপ এগিয়ে গেল মোদী সরকার। নাগাল্যান্ড, অসম, মণিপুরের বেশ কয়েকটি অংশ থেকে আফস্পা তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
এই সিদ্ধান্তের কথা অমিত শাহ টুইটারে জানিয়েছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অসম, মণিপুর, নাগাল্যান্ড বেশ কয়েকটি উপদ্রুত অংশে আফস্পা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে তৎপরতার সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কাজ করেছে এবং তার উদ্যোগের ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। ওই পদক্ষেপগুলির কারণে সেখানে এখন শান্তির পরিবেশ রয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব অঞ্চল বঞ্চিত ছিল। সেখানে শান্তি ও উন্নতি অভূতপূর্ব উন্নয়নকে বাস্তবায়ন করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।”
দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। গতবছর নাগাল্যান্ডের মন জেলার ঘটনার পর আফস্পা প্রত্যাহারের দাবি আরও জোরালো হয়। এমনকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আফস্পা তুলে নেওয়ার দাবি জানিয়েছিলেন। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত উত্তর-পূর্বের মানুষের একটা বড় দাবিকেই অনেকখানি মান্যতা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের আশা পূরণের পথ প্রশস্ত হল। তারাও আশাবাদী যে এবার ধাপে ধাপে রাজ্যগুলি থেকে আফস্পা সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হবে।

