জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ অক্টোবর: তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও চেয়ার ছোড়াছুড়ি দেখে সভা থেকে বেরিয়ে গেলেন দলের বিধায়ক এবং জেলা সভাপতি। ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় বিশাল পুলিশ বাহিনীকে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির সভাকক্ষে শুক্রবার নারায়ণগড় ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি ও বুথ সভাপতিদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক ডাকা হয়। সভা চলাকালীন নেতাকর্মীদের মধ্যে দলীয় সংগঠন ইস্যুতে হঠাৎই বাকবিতন্ডা শুরু হয়। এর ফলে উত্তেজনা দেখা দেওয়ায় বিরক্ত হয়ে সভা ছেড়ে বেরিয়ে যান বিধায়ক সূর্য অট্ট ও জেলা সভাপতি সুজয় হাজরা সহ একাধিক তৃণমূল নেতা।

সভায় বাকবিতণ্ডা চলার সময় জেলা সভাপতির সামনেই চেয়ার ছোড়াছুড়ি ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যুযুধান দু’পক্ষের হাতাহাতিতে উদ্ভূত উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে বেলদা থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ ও তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই গন্ডগোল ও উত্তেজনার আসল কারণ জানা যায়নি।


