সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব ঝাড়গ্রাম জেলায়

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ সেপ্টেম্বর: কেন্দ্রের বিজেপি সরকারের প্রবর্তন করা নয়া কৃষি আইন এবং বিদ্যুৎ সংশোধনী আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব ঝাড়গ্রাম জেলায়। এদিন সকাল থেকে ঝাড়গ্রাম, সাঁকরাইল, নয়াগ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর সহ বেশ কিছু জায়গায় বেসরকারি বাস চলাচল করতে একদমই দেখা যায়নি। বেশকিছু দোকানপাট খোলা থাকলেও দিনের ব্যস্ত সময়ে মানুষের আনাগোনা খুব একটা দেখা যায়নি।গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম সবজি মার্কেট অন্য দিনগুলোর মতো স্বাভাবিক ছিল। বড় গাড়ি রাস্তায় চলাচল না করলেও স্থানীয় ভাবে কিছু ব্যক্তিগত গাড়িতে সাধারণ মানুষ যাতায়াত করছিলেন। বনধকে ঘিরে যাতে কোনও অপ্রিতিকর ঘটনা না ঘটে তার জন্য সকাল থেকেই ছিল পুলিশি নিরাপত্তা।

তবে এদিন এসইউসিআই দলের কর্মীরা পুরো বনধ সমর্থন করার জন্য মিছিল করেন। এই বনধের সফলতা নিয়ে এসইউসিআই দলের এক নেতা বলেন, কেন্দ্রের সর্বনাশা এই কৃষি আইনের বিরুদ্ধে আজকের এই বনধে সর্বস্তরের মানুষের সমর্থন রয়েছে তাই এই বনধ সর্বাত্মকভাবে সফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *