প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৫ জুলাই: বুধবার গভীর রাতে এক কন্ট্রাক্টরের বাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল ব্যারাকপুর আর্দালি বাজারে।
মোটরসাইকেল করে ৩ দুষ্কৃতী আসে এবং ওই কন্ট্রাক্টরের বাড়ি লক্ষ্য করে পরপর কয়েকটি বোম ছোড়ে। বোমার আঘাতে ভেঙ্গে যায় বাড়ির জানালার কাঁচ। ঘরের ডেকোরেশন। বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

দীর্ঘদিন ধরে এলাকার কিছু সমাজবিরোধী আর্দলি বাজারের এক কন্ট্রাকটর বিশাল যাদবকে ফোনে ক্রমাগত তোলা চেয়ে হুমকি দিয়ে ফোন করছিল। সেই সঙ্গে ওই দুষ্কৃতীরা বিশাল যাদবের সাথে রাস্তায় দেখা হলেও নানা রকম মন্তব্য করত বলে অভিযোগ। কয়েকদিন আগে ক্যান্টনমেন্ট বোর্ডের একটি বড় অর্ডার পান বিশাল যাদব নামে ওই কন্ট্রাকটর। এরপরই তার কাছে লক্ষাধিক টাকা দাবি করে এলাকার কিছু দুষ্কৃতী। আর সেই তোলা না দেওয়ায় এই ঘটনা বলে দাবি করেছে ওই কন্ট্রাক্টরের পরিবারের সদস্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ।

