হাড়হিম করা ঘটনা! মুক্তিপণ না পেয়ে শিশুকে হাত পা বেঁধে খুন করল দুষ্কৃতীরা

আমাদের ভারত, গলসি, ১৮ সেপ্টেম্বর: শিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার পরে সেই টাকা না পেয়ে হাত পা বেঁধে শিশুকে খুন করল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার গলসির সাঁকো গ্রামে। শুক্রবার সকালে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় একটা ক্যানেল থেকে। ঘটনার তদন্তে নেমে গলসি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এরপরেই উত্তেজিত জনতা দুষ্কৃতীদের বাড়িতে ব্যাপক ভাঙ্গচুর চালায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গলসির
সাঁকো মেটে পাড়ায় বুধবার বিকালে পাড়ায় মনসা পুজো উপলক্ষ্যে গ্রামে উৎসব চলছিল। সাঁকো গ্রামের পঞ্চায়েত সদস্যের ৯ বছরের ছেলে সন্দীপন বিকেল নাগাদ দুধ খেয়ে সেখানে খেলা করতে যায়। বুধবার রাতে দুষ্কৃতীরা বুদ্ধদেব দলুইকে ফোন করে জানায় ছেলে সন্দীপনকে অপহরণ করা হয়েছে। তারা ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সেই টাকা দেওয়ার জন্য বার বার করে ফোনে হুমকি দিতে থাকে দুষ্কৃতীরা। এমনকি শিশুটির মাকে ফোন করেও গালিগালাজ করা হয়। অপহরণের কথা পুলিশকে জানালে ছেলেকে খুন করা হবে বলেও শাসানি দেয় দুষ্কৃতীরা। এরপরে গ্রামের মানুষজন সারারাত ধরেই বিভিন্ন এলাকায় শিশুটির খোঁজে তল্লাশি চালায়।

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে নামে। কিন্তু শিশুটির সন্ধান মেলেনি।শুক্রবার সকালের দিকে ক্যানেলের জল থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় শিশুটির দেহ।

অপহরণ ও খুনে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গলসি থানার পুলিশ স্থানীয় সাঁকো মেটেপাড়া এলাকার তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সুব্রত মাঝি(২০) ওরফে বাদশা, বাড়ি সাঁকো ডোম পাড়ায়। দ্বিতীয় জনের নাম জয়ন্ত বাগ(২০) ওরফে নিরঞ্জন, বাড়ি মেটেপাড়ায়। তৃতীয় জনের নাম মঙ্গলদীপ দলুই(১৮) ওরফে বাবু, বাড়ি সাঁকোর মেটেপাড়ায়।দুষ্কৃতীদের নাম জানাজানি হতেই উত্তেজিত এলাকাবাসীরা দুষ্কৃতীদের বাড়িতে ভাঙ্গচুর চালায়। তবে কি কারণে এই অপহরণ আর খুনের ঘটনা ঘটেছে, আর কারা কারা এই ঘটনায় যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *