প্রেমে সাড়া না দেওয়ায় তাড়া করে একাদশ শ্রণির ছাত্রীর মুখে অ্যাসিড ছুড়ল দুষ্কৃতিরা, চাঞ্চল্য কৃষ্ণনগরের ঘুর্নিতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৫ জুলাই:
প্রেমে সাড়া না দেওয়ায় অ্যাসিড হামলার শিকার স্কুল ছাত্রী। প্রকাশ্যে অ্যাসিড হামলায় তরুণী সহ বেশ কয়েকজন যুবক গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় সাতটা নাগাদ কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ঘূর্ণি এলাকায়।

জানা গেছে, দু’বছর আগে ঘূর্ণির ঘরামি পাড়ার অচিন্ত্য শিকারি নামে এক যুবকের সাথে ঐ এলাকারই নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর পরিচয় হয়। প্রথম পরিচয়েই অচিন্ত্য তাকে প্রেম নিবেদন করে। কিন্তু ওই কিশোরী তাকে প্রত্যাখ্যান করে। অভিযোগ তারপর থেকেই অচিন্ত্য ওরফে ভরত কিশোরীকে বিরক্ত করতে থাকে। বিভিন্ন সময়ে ভরত ও তার বন্ধু-বান্ধবরা তাকে বিয়ে করার জন্য ভয় দেখাতে থাকে। এমনকি ওই তরুণীকে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার মতন অভিযোগও উঠেছে ভারত ও তার বন্ধু-বান্ধবদের বিরুদ্ধে।

এই ঘটনার পর ঐ তরুনীর পরিবারের পক্ষ থেকে এক সালিশি সভাও বসানো হয়। এরপর প্রায় দুবছর কেটে যায়। অচিন্ত্য ওরফে ভরত বাইরে চলে যায়। কিন্তু কিছুদিন আগে ভরত আবার ফিরে আসে। ফিরে আসার পরই ভরত ও তার বন্ধুরা ঐ মেয়েটিকে বিয়ে করার জন্য উত্ত্যক্ত করতে থাকে। কিন্তু ঐ তরুণী রাজি হয় না

অভিযোগ এর পরই ভরত ও তার বন্ধুরা প্রতিশোধের বশবর্তী হয়ে বুধবার সন্দধ্যা সাতটার নাগাদ ঐ তরুণী যখন টিউশন পড়ে বাড়ি ফিরছিল তখন তাকে তাড়া করে। আতঙ্কিত হয়ে সে দৌড়ে গিয়ে ঘরামি পাড়ার কুমার সংঘের একটি ক্লাবে ঢুকে পরে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেই সময় ভরত ও তার বন্ধুরা ওই ক্লাবের ভেতরে ঢুকে ঐ তরুণীকে জোর করে মুখে অ্যাসিড ঢেলে দেয়। সেই সময় অ্যাসিড ছিটকে ক্লাবে কয়েকজন যুবকও আহত হয়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা আক্রান্ত তরুণী সহ আহত যুবকদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় ছাত্রীটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় আহত বাকি যুবকেরা বর্তমানের শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক অচিন্ত্য শিকারি। তরুণীর পরিবারের অভিযোগ, অচিন্ত্য শিকারি অসামাজিক কাজকর্মে লিপ্ত। মদ, গাঁজা, জুয়া কোনটাই তার বাদ নেই। তাই আমরা তার সাথে আমাদের মেয়ের বিয়ে দেব না বলেছিলাম। এটাই ছিল আমাদের অপরাধ। তাই এভাবে আমাদের মেয়েকে নিগ্রহ করা হল।
আক্রান্ত তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই যুবকের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *