পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: শুক্রবার সন্ধের পর মেদিনীপুর শহর সংলগ্ন গুড়গুড়িপাল থানার ফুলপাহাড়ি এলাকায় এক যুবককে মারধর করে তার বান্ধবীকে নিয়ে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানাগেছে, শুক্রবার সন্ধের পর ওই যুবক এবং তার বান্ধবী ফুলপাহাড়ি ড্যামের কাছে ঘুরতে গিয়েছিল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে ওই যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যুবককে রক্তাক্ত করে দিয়ে তার বান্ধবীকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।
স্থানীয় সূত্রে জানাগেছে, বান্ধবীটি নার্সিং পাঠরতা এবং ওই যুবকটি মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের হাউস স্টাফ। ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই যুবক। এরপর সে নিজেই কোনরকমে পাশের গ্রামে গিয়ে গ্রামবাসীদের ঘটনার কথা বলে তাদের সাহায্য নেয়। পরে ঘটনাস্থলে গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করায়। ঘটনাস্থল থেকে পুলিশ “ডক্টর” লেখা যুবকটির মোটর সাইকেল এবং তার বান্ধবীর ওড়না উদ্ধার করেছে।
অপহৃতা ঐ যুবতীকে গতকাল রাতেই পুলিশ সুস্থ অবস্থায় উদ্ধার করেছে। জানাগেছে, ফুলপাহাড়ি ড্যামের কাছে ভবগতীচক এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

