জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুলাই: কংসাবতী নদী থেকে বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা। তার নির্দেশ মত তৎপর হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। শনিবার বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ জেসিবি মেশিন সহ বেশ কয়েকটি বালি বোঝাই লরি আটক করেছে।

দীর্ঘদিন ধরে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল, হাতিহলকা সহ বিভিন্ন এলাকায় কংসাবতী নদীগর্ভ থেকে মেশিন লাগিয়ে অবৈধভাবে বালি তোলার কাজ চলছিল।
প্রতিদিন প্রায় এক হাজারের মতো লরিতে করে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় কংসাবতী নদীর বালি পাচার হয়ে যাচ্ছিল। বেপরোয়া ভাবে যাতায়াত করার ফলে বালি বোঝাই লরির ধাক্কায় এবছর একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এজন্য বেআইনিভাবে বালি পাচার বন্ধ করতে উদ্যোগ নিয়েছেন জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা। তার নির্দেশ মত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশও তৎপর হয়েছে। শনিবার সকালে গুড়গুড়িপাল থানার মণিদহ এলাকায় পুলিশ অভিযানে নেমে বালি তোলার জেসিবি মেশিন সমেত ৭টি বালি বোঝাই লরি আটক করে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন।

