আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর:
চিনতে কোনঠাসা করতে এক বিরাট বাণিজ্য করিডোরের সম্ভাবনা খুলে গেল জি-২০ সম্মেলনে। সব ঠিক থাকলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে রেলপথে যাতায়াত করতে পারবেন ভারতীয়রা। অপরপক্ষের নাগরিকদের জন্যও এই একই সম্ভাবনা খুলে গেল।
শনিবারে একাধিক রাষ্ট্রই এই প্রস্তাবে একমত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী বদলের মাধ্যমে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতের বাণিজ্য বৃদ্ধি তথা অর্থনৈতিক উন্নয়ন, এই করিডোর তৈরির লক্ষ্য।
আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, সৌদিআরব এবং সংযুক্ত আরব আমিরশাহী বন্দর রেলপথ, বিদ্যুৎ, কেবল নেটওয়ার্ক, হাইড্রোজেন পাইপ লাইনের মাধ্যমে ভারতের সঙ্গে বাণিজ্য করিডোর তৈরি করতে আগ্রহী। এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন হলেও দীর্ঘদিনের শত্রু ইজরায়েল এবং সৌদি আরবের মধ্যে নতুন করে সম্পর্ক স্থাপনের ভাবনাও রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় এই দেশগুলি আশা করছে, এর ফলে দেড়শ কোটির জনসংখ্যার ভারতের বিপুল বাজার আরও বেশি করে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্র হয়ে উঠবে। লম্বা করিডোরের মাধ্যমে যোগাযোগ গড়ে উঠলে চাঙ্গা হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতিও। পাশাপাশি ইজরাইল এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হবে।
এই বাণিজ্য করিডোর সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিরাট পরিকল্পনা, ঐতিহাসিক ভাবনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মোদীর বক্তব্য, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর একসঙ্গে দেখা একাধিক দেশের একটি উজ্জ্বল স্বপ্ন। এটা বাস্তবায়িত হলে ইতিহাস তৈরি হবে। এই করিডোর একাধিক মহাদেশ জুড়ে মানুষের প্রচেষ্টা এবং ঐক্যের উদাহরণ হয়ে উঠবে। মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী হলে চিনকে কোনঠাসা করা সহজ হবে নয়াদিল্লির পক্ষে।

