কেশিয়াড়িতে রক্তদান শিবিরে পাল্টা খেলার বার্তা বিজেপি জেলা সভাপতির 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ অক্টোবর: গান্ধীজি, মোদীজি ও দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে ধারাবাহিক ভাবে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে ভারতীয় জনতা পার্টি। শনিবার কেশিয়াড়ির ব্যবসায়ী সমিতি হলে সেবা ও সমর্পণ অভিযান কর্মসূচিতে দলের যুব মোর্চার উদ্যোগে এমনই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন তেওয়ারি রক্তদাতাদের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।

তিনি এই রক্তদান শিবির থেকে পাল্টা খেলার বার্তা দিয়ে বলেন, পুজোর পর থেকে শুরু হবে আমাদের খেলা। কারণ তৃণমূল কংগ্রেস যখন বলছে খেলা হবে তখন খেলা তো একতরফা হতে পারে না। দলের সেবা ও সমর্পণ কর্মসূচি কুড়ি দিন ধরে চলবে বলে জেলা সভাপতি জানান। তার কথায় সেবাই সংগঠনের মূল ভিত্তি। তাই কোভিড পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ। শিবিরে এদিন প্রায় ৪০ জন রক্তদান করেন। জেলা সভাপতি ছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কেশিয়াড়ির দুই মন্ডল সভাপতি সনাতন দোলাই, যুবজিত পালোই, জেলা কমিটির সদস্য বিনোদ বিহারী মুর্ম্মু সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *