এলাকার দুঃস্থ পরিবারের যুবতীকে ধুমধাম করে বিয়ে দিল বাগদা সবুজ সংঘ ক্লাবের সদস্যরা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি: রাজ্যে যখন রাজনৈতিক পারদ চড়ছে, তখন উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা সবুজ সংঘ এক অনন্য নজির গড়ল। হেলেঞ্চা বাজারের বাসিন্দা আশালতা মজুমদারের একমাত্র মেয়ের অনুষ্ঠান করে লোকজন আপায়ন করে বিয়ে দিল।

পরিবার সূত্রের খবর, হাড়োয়ার বাসিন্দা বেসরকারি সংস্থায় কর্মরত তারক সানার সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু মেয়ের বিয়ের আয়োজন করার সামর্থ ছিল না স্বামীহারা আশালতা মজুমদারের। পাত্রী মিতা মজুমদার নিজেই স্থানীয় ক্লাব হেলেঞ্চা সবুজ সংঘের সদস্যদের কাছে বিয়ের আয়োজন করবার জন্য অনুরোধ জানিয়েছিল। পাত্রীর অনুরোধে বিয়ের আয়োজনের ব্যবস্থা করে হেলেঞ্চা সবুজ সংঘ। আর পাঁচটা মেয়ের মতন বিয়ের কোনও কিছুতে ঘাটতি ছিল না। ফুচকা, আইসক্রিম, কফি, চিকেন বিরিয়ানি, শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুর আয়োজন করেছিল ক্লাব কর্তৃপক্ষ। নিজের বাড়ির বিয়ের মতন ব্যস্ততা দেখা গেল ক্লাবের সদস্যদের মধ্যে। কেউ ব্যস্ত রান্না করতে, কেউ ব্যস্ত পাত্রী পাত্রকে শুভদৃষ্টি করাতে।

পাত্রী মিতা মজুমদার জানাল, ক্লাবের কাছে আবেদন করেছিলাম ক্লাব যা আয়োজন করেছে তাতে আমি খুশি। বাবা নেই তাই বাবার কাজ ক্লাবের দাদারাই করলেন।

ক্লাবের সম্পাদক প্রবীর কীর্তনীয়া বলেন, এটা আমাদের কর্তব্য ছিল আমরা এই কর্তব্য পালন করতে পেরে খুশি। আগামী দিনেও এমন কাজে এগিয়ে আসবে সবুজ সংঘ ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *