মুখ্যমন্ত্রীর সভার জায়গা পরিবর্তন, কালিয়াগঞ্জ থেকে সরিয়ে আনা হল রায়গঞ্জে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুরে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সভাস্থল আচমকাই পরিবর্তন পরিবর্তন করা হল। কালিয়াগঞ্জের চান্দোইল ফুটবল ময়দানের পরিবর্তে মুখ্যমন্ত্রীর কর্মিসভা হতে চলেছে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে। আগামী ১০ ফেব্রুয়ারি বুধবার বেলা ১ টায় রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে দলের কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জ স্টেডিয়ামের এই কর্মিসভায় দক্ষিণ দিনাজপুর জেলার দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

দুই দিনাজপুর জেলার কর্মী সমর্থকদের নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের চান্দোইল ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রীর কর্মিসভা করবেন বলে ঠিক হয়েছিল। দুই দিনাজপুর জেলার শীর্ষ নেতৃত্ব এবং উত্তর দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন চান্দোইল ফুটবল ময়দান পরিদর্শনও করেন। সভাস্থলের মঞ্চ নির্মান থেকে বাঁশের ব্যারিকেড নির্মানের কাজ শুরুও হয়ে যায়। আচমকাই রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে নির্দেশ আসে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। কানাইয়ালাল আগরওয়াল বলেন, রাজ্য সভাপতির নির্দেশ অনুসারে কালিয়াগঞ্জের চান্দোইলের পরিবর্তে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে মুখ্যমন্ত্রীর কর্মিসভা হবে। সেইমতন সবরকম প্রস্তুতি নেওয়া শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।

কানাইয়ালালবাবু বলেন, গোটা উত্তর দিনাজপুর জেলার কর্মী সমর্থকদের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল শীর্ষ নেতারাও হাজির থাকবেন। ঠিক কি কারনে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন করা হল তা জানাতে পারেননি জেলা তৃণমূল নেতৃত্ব।

এদিকে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে মুখ্যমন্ত্রীর সভাস্থল প্রস্তুতির জন্য রবিবার পরিদর্শনে যান উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ দলীয় শীর্ষ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *