কমিশনের পর্যবেক্ষকদের বৈঠক মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ মার্চ: এ রাজ্যের প্রথম দফার নির্বাচনের জন্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার নির্বাচনী এবং  সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা।

শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ নির্বাচন কমিশন নিযুক্ত এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ পর্যবেক্ষকরা মেদিনীপুর শহরে পৌঁছান। হেলিকপ্টারে মেদিনীপুর শহরে পৌঁছানোর পর কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জেলা প্রশাসনের সার্কিট হাউসে যান। পরে দুই বিশেষ পর্যবেক্ষক পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলার সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমার্ধের বৈঠকে বিভিন্ন বিষয়ে তাদের নানান অভিযোগ ও পরামর্শ শোনেন বিশেষ পর্যবেক্ষকরা। এরপর দ্বিতীয়ার্ধে তিন জেলার জেলাশাসক পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে জেলাগুলির নির্বাচনী প্রস্তুতি ও পরিস্থিতি বিষয়ে বিশেষ বৈঠক করেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *