মোদীর সঙ্গে বাংলার সাংসদদের বৈঠক পিছিয়ে গেল একদিন

আমাদের ভারত, ২৯ মার্চ: রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা কেন্দ্র না ভাবলেও, রাজ্যের পরিস্থিতি দেখে নীরব দর্শকের ভূমিকায় যে কেন্দ্র থাকবে না তা আজ স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। কথা ছিল, বাংলার সাংসদদের নিয়ে বুধবার নিজের বাসভবনে প্রাতঃরাশে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার নির্ঘন্ট বদলে গিয়েছে। বৈঠকটি হবে বৃহস্পতিবার।

রামপুরহাট কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য- রাজনীতি। যার আঁচ এসে পড়তে শুরু করেছে দিল্লিতেও। কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সরব বিজেপি সাংসদরা। এই আবহে সোমবার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্য, বাংলার পরিস্থিতি যে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে পরশুর বৈঠকে সেই বিষয়টি বিস্তারিত ভাবে জানানো হবে প্রধানমন্ত্রীকে।

রামপুরহাট কাণ্ড ও তার পরে আজ বিধানসভায় হওয়া গন্ডগোল যে কেন্দ্র ভাল চোখে নিচ্ছে না তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। সাধারণত লোকসভা চলার সময়ে রাজ্য ভিত্তিক বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে থাকেন প্রধানমন্ত্রী। কিন্তু পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রামপুরহাট কাণ্ডের পরেই বৃহস্পতিবারের বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *