সাথী দাস, পুরুলিয়া, ৪ মার্চ: ইউক্রেন থেকে পুরুলিয়া জেলার নিতুরিয়ার বাড়ি ফিরলেন ডাক্তার ছাত্র পিন্টু কুমার পাসোয়ান। অক্ষত অবস্থায় বাড়ি ফিরতেই পরিবারে খুশীর হাওয়া। বরণ করে স্বাগত জানানো হল তাঁকে।
ইউক্রেনে ইভানো ফ্রাঙ্কিভ ন্যাশনাল ম্যাডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র পিন্টু বৃহস্পতিবার রাঁচি হয়ে নিতুরিয়া থানার নিউকলোনীর বাড়িতে ফিরলেন। পিণ্টু বাড়ি ফেরার বর্ননা দিতে গিয়ে বলেন, ইভানো থেকে বাসে তিনি প্রথমে রোমানিয়া বর্ডার পৌঁছান। সেখান থেকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ১৬ ঘণ্টা তাঁকে অপেক্ষা করতে হয়। সেখান থেকে বিমানে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় রাঁচি পৌঁছন বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ। তারপর নিতুরিয়া ব্লকের বিডিওর সহায়তায় গাড়িতে রাঁচি থেকে সন্ধ্যা ৭ টা নাগাদ নিতুরিয়ার বাড়িতে পৌঁছয় পিন্টু।

ভয়ঙ্কর পরিস্থিতি থেকে ফিরতে পারায় পরিবারের লোকজন ফুলের মালা পরিয়ে ছেলেকে বরণ করে নেন। শালতোড় অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় যাদব ও রাধেশ্যাম সা–ও ফুলের তোড়া দিয়ে পিন্টুকে অভ্যর্থনা জানান। পিন্টু ফিরে আসায় এলাকায় স্বস্তির হাওয়া।

