কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ আগস্ট:
দিদি তথা তৃণমূল সুপ্রিমো বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হবে। ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে এসে স্পষ্টত এই কথা বলেই দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। শুধু তাই নয়, তিনি একথা বলেন, দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে। বলা যেতে পারে, পরোক্ষে লোকসভা ভোটের প্রচারের সুর পাওয়া গেল তার এই বক্তব্যে বলে মনে করছে ঘাটালের রাজনৈতিক মহল।
মাস্টার প্ল্যান না হওয়ার জন্য দেব কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন। তিনি বলেন, ভোটের আগে এই বিষয়টি প্রচার করে এবং সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেয়। ভোট মিটে গেলে ওদের দেখা পাওয়া যায় না। সাংসদ স্বীকার করেন, বন্যা প্লাবিত এলাকায় ১০০ ভাগ ক্ষেত্রে তারা পৌঁছাতে পারেননি কিন্তু এই মুহূর্তে রাজনীতি ভুলে প্রতিটি মানুষকে ভালো রাখার চেষ্টা করতে হবে। যারা জল বন্দি, বাড়ির ছাদে আছেন, তাদের জন্য খাবার এবং পানীয় জল পৌঁছাতে হবে।

দিনরাত এক করে প্রশাসন এবং পুলিশ যেভাবে কাজ করেছেন, তার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
যারা বাঁধ রক্ষা করার জন্য দিনরাত কাজ করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে তিনি সবকিছু জানিয়েছেন এবং বৃহস্পতিবারই আরও প্রয়োজনীয় ত্রাণ ঘাটালে এসে পৌঁছাবে। বন্যার জল নেমে যাওয়ার পরে রাস্তাঘাট সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করার উদ্যোগ নেওয়া হবে, কিন্তু এখন প্রয়োজন হল জলবন্দি মানুষকে ভালো রাখা এবং তাদের প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া।
দেব বলেন, এবারের বন্যায় মাত্র দেড় ঘণ্টার মধ্যে বাড়িতে জল ঢুকে গেছে। গ্রামের পর গ্রাম জলের তলায়। আমাদের দলের কর্মীদের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, প্রথমে জলবন্দি এলাকাতে কষ্ট থাকলেও এখন জলের মেশিন বসানো হয়েছে এবং প্রচুর বোট দেওয়া হয়েছে। এদিন তিনি ঘাটাল এবং দাসপুরের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।


