পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের এলাকাধীন শিলাবতী নদী ও তার শাখা খালগুলি আগামী বর্ষার পূর্বে সংস্কারের জন্য ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ‘ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি’।
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি জানান, গত ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী মাস্টার প্ল্যান নিয়ে একটি কথাও উচ্চারণ করলেন না। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কংসাবতী নদী সংলগ্ন এলাকায় কিছু কিছু খাল ও ছোট নদীগুলি সংস্কারের কারণে ওই এলাকার মানুষজন জলনিকাশী ও জলসেচের ক্ষেত্রে অনেকটা উপকৃত হয়েছে। সেজন্য বাৎসরিক বন্যার হাত থেকে ঘাটাল মহকুমাবাসীকে খানিকটা সুরাহা দিতে ৮ ফেব্রুয়ারি আগামী রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করে শিলাবতী এলাকার নদী ও শাখাখালগুলি সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উনাকে আজ চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকের প্রায় ১৬৫০ বর্গ কিমি এলাকার আনুমানিক ২০ লক্ষ অধিবাসীকে বাৎসরিক বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি ঘাটাল মাস্টার প্ল্যানের পূর্ণাঙ্গ রূপায়ণের দাবিতে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি গত ২০০১ সাল থেকে এক ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। রাজ্য সরকারের লাগাতার চাপসৃষ্টি ও এলাকাবাসীর ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাস্টার প্ল্যান মঞ্জুরের ক্ষেত্রে অনেকগুলি ধাপ এগোলেও এখনো কেন্দ্রীয় ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটির অনুমোদন হয়নি। ফলস্বরূপ অর্থ মঞ্জুরও হয়নি।

