জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: সরস্বতী পুজো উপলক্ষ্যে বেলদা ক্লাবের উদ্যোগে চার দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শেষ দিন অর্থাৎ শুক্রবার রাতে ক্লাবেরই উদ্যোগে আয়োজন করা হল গণ বিবাহের অনুষ্ঠান।
এদিন আট জোড়া যুবক-যুবতীদের বিবাহ দেওয়া হয়েছে ক্লাবের উদ্যোগে। ক্লাবের পক্ষ থেকে নব দম্পতিদের দেওয়া হল বিভিন্ন উপহারও। রীতিমত বিয়ে বাড়ির আয়োজনে ব্যান্ড বাজিয়ে, টোটোতে ফুল সাজিয়ে এলাকায় ঘোরানো হল এই নব দম্পতিদের। অভিনব এই বিয়ের আয়োজনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল এলাকার উৎসুক মানুষজন। বিগত কয়েক বছর ধরেই এ ধরনের গণবিবাহের আয়োজন করে থাকে বেলদা ক্লাব।

এবছরও আট জোড়া যুবক-যুবতীর বিবাহের আয়োজন করেছে বেলদা ক্লাব। তাঁদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। নব দম্পতিরাও পরিণয় সূত্রে আবদ্ধ হতে পেরে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

