সাথী দাস, পুরুলিয়া, ২১ ফেব্রুয়ারি: পুরুলিয়ায় এবার ভোটের ম্যাসকটে ‘জয় বাবা ফেলুনাথ’। বিখ্যাত গোয়েন্দার তিন চরিত্র ফেলুনাথ, তোপসে এবং জটায়ুকে ম্যাসকট করা হয়েছে। ভোটারদের ভোট দানে উদ্বুদ্ধ করতে এবং নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করতে এই ম্যাসকট উদ্বোধন করল পুরুলিয়া জেলা নির্বাচন দফতর। নাম দেওয়া হয়েছে “জয় বাবা ভোটনাথ”। আজ জেলাপরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অভিজিৎ মুখার্জি। ছিলেন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এদিন ওই মঞ্চে “জয় বাবা ভোটনাথ” শীর্ষক নাটক পরিবেশন হয়। ভোটারদের উদ্বুদ্ধ করতে এই উপস্থাপন বলে জেলা নির্বাচন দফতরের পক্ষে জানানো হয়েছে।

