জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: জনগণকে বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগান সামনে রেখে আগামী ২৮- ২৯ মার্চ সারা দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলি। এই ধর্মঘটকে সফল করতে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে মিটিং মিছিল সংগঠিত করে বামফ্রন্টের গণসংগঠনগুলি। ধর্মঘটের সমর্থনে আজ সবং বাজার থেকে বুড়াল বাজার পর্যন্ত ৯ কিমি মিছিল করে বামফ্রন্ট। নেতৃত্ব দেন প্রাক্তন মন্ত্রী তথা জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।

মিছিল শেষে বুড়াল বাজারে একটি জনসভা হয়। জনসভায় কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী কাজের সমালোচনা করেন সুশান্ত ঘোষ। মেদিনীপুর শহরেও সিপিএমের জেলা যুব সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে মিছিল সংগঠিত হয়। ধর্মঘটের মূল দাবিগুলো হল- কেন্দ্রীয় শ্রমকোড বাতিল করতে হবে, শ্রমিকদের ন্যুনতম মজুরি মাসে ২১ হাজার টাকা করতে হবে, সরকারি সংস্থাগুলোকে বেসরকারিকরণ করা চলবে না ইত্যাদি।

