স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ মার্চ: ৭-৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন। অবশেষে কলকাতার STF-র জালে মাওবাদী নেত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতা দাসকে নদিয়ার জাগুলিয়া থেকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তেন। ২০১৩ সালে মাওবাদীর সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন জয়িতা। সঙ্গে আরও ৫ ছাত্রী। পরবর্তীকালে জামিন পেয়ে যান সকলেই। ফের কেন গ্রেফতার? গোয়েন্দারা জানিয়েছেন, জয়িতা এখন পুরোদস্তুর মাওবাদী নেত্রী। মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য তিনি। এ রাজ্যে মাওবাদী সংগঠন বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন তিনি। গ্রেপ্তার এড়াতে ৭-৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন তিনি। অবশেষে ধরা পড়লেন।

