সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ ডিসেম্বর: জাল নোটে কারবারের মূল পাণ্ডাকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। বিদেশ থেকে জালনোট নিয়ে এসে বাগদা বনগাঁ সীমান্ত শহরে কারবার করছিল ওই ব্যক্তি। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাধন ঘোষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধন ঘোষ হল ওই জাল নোট চক্রটির মূল পান্ডা। সে মাঝে মধ্যেই বাগদার বয়রা এলাকার বাড়িতে আসত। স্থানীয় কয়েক জন বাসিন্দার অভিযোগ, সম্প্রতি সাধন এলাকার কয়েক জন যুবককে জাল নোট বাজারে চালানোর জন্য কাজে লাগিয়েছিল। ১ লক্ষ জাল নোট ছড়াতে পারলে ৪০ হাজার টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সাধন। সম্প্রতি বিষয়টি পুলিশের কানে আসে। এ দিন রাতে সাধনে বাড়িতে তল্লাশি চালিয়ে জাল নোটসহ পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি পুলিশ লেখা গাড়িতে করে এসে পেট্রোল পাম্পে ঢুকে তেল নিয়ে জাল টাকা দিয়ে পালানোর পথে অমিত প্রামানিক নামে এক যুবকে গ্রেফতার করেছিল বনগাঁ থানার পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে এবার ওই চক্রের মূল পান্ডা সাধন ঘোষকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

