সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৯ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে নিয়োজিত আশা কর্মীকে হেনস্থায় অভিযুক্ত সাহাবুল গায়েনকে আজ সকালে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
গত ২৬ ডিসেম্বর বাঁকুড়া সদর থানার কেঞ্জাকুড়া গ্ৰাম পঞ্চায়েতের পাচীরডাঙ্গা গ্ৰামে জনৈক আশা কর্মীর বাড়িতে চড়াও হয় কিছু ব্যক্তি। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া সংক্রান্ত অভিযোগে তারা আশা কর্মীকে তার ঘর থেকে বাইরে ডেকে নিয়ে এসে হেনস্হা করে। অভিযোগ, তাকে শারীরিক ভাবেও নিগৃহীত করা হয়। এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগের ভিত্তিতে আজ সকালে কেঞ্জাকুড়া বাজার থেকে অভিযুক্ত সাহাবুলকে গ্ৰেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ১৪৩, ৩৪১, ১৮৬, ৩৫৩, ৩৩২ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়। তার জামিনের আবেদন খারিজ করে তার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

