দুর্গাপুরে বৃদ্ধার মাথা ফাটিয়ে ছাদ থেকে ঝাঁপ পরিচারিকার, এলাকায় চাঞ্চল্য

জয় লাহা, দুর্গাপুর, ৩১ জুলাই: বৃদ্ধার মাথা ফাটিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা পরিচারিকার। রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধা। পালাতে গিয়ে জখম পরিচারিকা। রক্তাক্ত অবস্থায় বাড়ির চিলেকোঠায় স্টোর রুমে উদ্ধার হয় বৃদ্ধা। গুরুতর জখম অবস্থায় বাড়ির নীচে উদ্ধার হয় পরিচারিকা। ঘটনার কারণ নিয়ে বিস্তর রহস্যের দানা বেঁধেছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর সিটিসেন্টার আলাউদ্দীন খান বীথি এলাকায়। আহত দুজনই দুর্গাপুরে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঘটনায় জানাগেছে, আহত বৃদ্ধার নাম অপর্ণা ভট্টাচার্য, বয়স সত্তোরের কোঠায়। তিনি অবসরপ্রাপ্ত নার্স। দুর্গাপুর সিটিসেন্টার নন কোম্পানীর আলাউদ্দীন খান বীথি এলাকায় থাকতেন। তাঁর স্বামী অরুণ কুমার ভট্টাচার্য। তিনি সেইলের ডিএসপির কর্মী ছিলেন। বছর ছয়েক আগে অরুণবাবুর মৃত্যু হয়। অপর্ণাদেবীর এক মেয়ে কর্মসুত্রে মুম্বইয়ে থাকেন। দুর্গাপুরের বাড়িতে একাই থাকেন অপর্ণা দেবী। রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ অপর্ণা দেবীর আর্তনাদ শুনে আশপাশের লোকজন ছুটে যায়। প্রতিবেশীরা দেখেন বাড়ির তিনতলায় চিলে কোঠায় স্টোর রুমে রক্তাক্ত অবস্থায় পড়ে অপর্ণা দেবী। মাথা দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে পড়েছে। সেসব দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।

আহত অবস্থায় অপর্ণা দেবী জানান, “বাড়ির পরিচারিকা কাঠের খিল দিয়ে তার মাথায় আঘাত করে। তারপর গলায় ওই কাঠ দিয়ে চেপে ধরে মারার চেষ্টা করে।” তার হাত থেকে বাঁচতে চিৎকার শুরু করে। মহিলার আর্তনাদ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসে। মহিলার বয়ান শুনে বাড়ির নীচে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় অপর্ণা নামে পরিচারিকাকে। পুলিশ আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রশ্ন, ওই পরিচারিকা কেন ওই বৃদ্ধার ওপর আক্রমণ করল? গোটা ঘটনায় বিস্তর রহস্যের দানা বেঁধেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, বছর পাঁচেক আগে ওই পরিচারিকা এলাকার একটি বাড়িতে কাজের ফাঁকে আলমারি থেকে টাকা লোপাট করত বলে অভিযোগ। বিষয়টি সন্দেহ হওয়ায় গৃহকর্তা ঘরের ভেতর তিনদিকে তিনটি মোবাইল ক্যামেরা বসায়। আর তাতেই একদিন তার টাকা লোপাটের ছবি ধরা পড়ে। তবে ঘটনার কথা স্বীকার করে লোপাট করা টাকা ফেরত দিয়ে দেওয়ায় পুলিশে আর অভিযোগ করেননি ওই পরিবার। এদিনের রোহমর্ষক ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী।

এসিপি (দুর্গাপুর) তথাগত পান্ডে জানান, “আক্রান্ত বৃদ্ধার প্রাথমিক বয়ান অনুযায়ী পরিচারিকা তাকে কাঠের খিল দিয়ে মারধর করেছে। তারপর ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। দু’জনেই গুরুতর আহত। সুস্থ হওয়ার পর ঘটনার কারণ জানা যাবে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *