আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ মার্চ: নিয়ন্ত্রণ হারিয়ে লরি ধাক্কা মারল যাত্রীবাহী অটোয়। এই ঘটনায় মৃত্যু হল একজনের এবং জখম ৯ যাত্রী। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে হাবড়ার ২নম্বর রেলগেটের কাছে গৌড়বঙ্গ রোডে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রন হারিয়ে একটি লরি যাত্রীবাহী একটি অটোতে ধাক্কা মারলে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এই অটোর পেছনে থাকা আরও একটি অটোতেও ধাক্কা লাগে সেটিও রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। অটোয় থাকা যাত্রীরা প্রত্যেকেই কম-বেশি জখম হয়। তাদের মধ্যে নয়জনকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। দুজনকে পাঠানো হয় কলকাতার হাসপাতালে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা গ্রস্থ অটো দুটি উদ্ধারের পাশাপাশি লরিটিকে আটক করছে হাবড়া থানার পুলিশ।


