চন্দ্রকোনায় লরির ধাক্কা মারুতিতে, মৃত ৩, আহত ৪ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ মার্চ: ভয়াবহ পথ দুর্ঘটনায় চন্দ্রকোনার কুঁয়াপুরে তিনজনের মৃত্যু হয়েছে। রাজ্যসড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি মারুতি গাড়ির পেছনে দ্রুতগামী একটি লরি ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। মারুতির ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৪ জন। আহতদের প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে  চন্দ্রকোনা থানার কুঁয়াপুরের চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে। মৃত তিন জনের বাড়ি কুঁয়াপুরে। মৃতদের নাম সেন্টু ঘোষ(৫৫), জয়দেব সেন(৪৫), জিতেন পূজারী(৩৫), মৃতদের মধ্যে সেন্টু ঘোষের ছেলে সুব্রত ঘোষ গুরুতর আহত। শুক্রবার রাতে কুঁয়াপুরে রাজ্যসড়কের ধারে চন্দ্রকোনাগামী একটি মারুতি গাড়ি দাঁড়িয়েছিল এবং চালকের সাথে স্থানীয় ৫-৬ জন কথা বলার সময় চন্দ্রকোনাগামী একটি লরি দাঁড়িয়ে থাকা মারুতির পেছনে সজোরে ধাক্কা মারে। মারুতিটি লরির ধাক্কায় সরে গেলে পাশে দাঁড়িয়ে থাকা তিনজনকে পিষে দেয় লরিটি। দাঁড়িয়ে থাকা বাকিরাও গুরুতর চোট পান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ ও ঘাটালের এসডিপিও। মৃত ও আহতদের তড়িঘড়ি উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে প্রায় দু’ঘন্টা চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্য সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তা স্বাভাবিক করে। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে মারুতি গাড়িটি। লরিটি পুলিশ আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *