পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ এপ্রিল: পরকিয়ার জের। অন্যের স্ত্রীকে নিয়ে পালাতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক যুবককে গণধোলাই দিল স্থানীয়রা। রবিবার সকালে এই ঘটনাকে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের মাহিনগর এলাকায়। যদিও পরে স্বামীর হাতে ধৃত মহিলাকে তুলে দিয়ে স্থানীয়রা পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টা করলেও পুলিশ তাদের পাকড়াও করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, গঙ্গারামপুরের বাসিন্দা শঙ্কর সাহার সাথে তার স্ত্রীর বেশকিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল বলে অভিযোগ। আর এরই মাঝে এক যুবকের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমে পড়ে পরকিয়ায় জড়ান ওই মহিলা বলেও অভিযোগ। রবিবার ওই যুবকের সাথেই বালুরঘাটে মেলা দেখতে আসছিলেন ওই মহিলা। যে ঘটনার খবর পেতেই তাদের পিছু নেন মহিলার স্বামী শঙ্কর। শহরে ঢোকার মুখে মাহিনগর এলাকায় তাদের পথ আটকান মহিলার স্বামী ও তার লোকেরা। শুরু হয় উভয়পক্ষের বচসা। যা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসতেই মাঠ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। আর এরপরেই তাকে পাকড়াও করে গণধোলাই দেন উত্তেজিতরা। যদিও স্থানীয় কিছু লোকজনের তৎপরতায় ওই যুবককে উদ্ধার করে সেখান থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হলেও, মহিলার স্বামী তাকে গাড়িতে তুলে নিয়ে বাড়ি ফিরতে গেলে রাস্তায় তাদের আটকে দেয় পতিরাম থানার পুলিশ। মহিলাকে নিয়ে যাওয়া ওই ব্যক্তি সঠিক তার স্বামী কি না তা নিয়ে চলে দীর্ঘ পুলিশি জিজ্ঞাসাবাদ। কেন ওই যুবকের সাথে পালাচ্ছিলেন তা নিয়েও ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যদিও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।
বিষয়টি নিয়ে পতিরাম থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা জানবার পাশাপাশি উপযুক্ত প্রমাণ দেখবার পরেই ওই মহিলাকে তার স্বামীর হাতে তুলে দিয়েছে পুলিশ।

