আদ্রা ডিভিশনে লোকাল ট্রেন চালু, থেকেই গেল যাত্রীদের ক্ষোভ

সাথী দাস, পুরুলিয়া, ৫ নভেম্বর: অবশেষে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে লোকাল ট্রেনের চাকা গড়ালো শুক্রবার। এদিন সকাল থেকে পুরুলিয়া স্টেশন সহ আদ্রার বিভিন্ন স্টেশন থেকেই লোকাল ট্রেন গুলি চালু হয়। আপাতত আদ্রা শাখা থেকে প্রায় ৪টি লোকাল ট্রেন চালু হয়। যদিও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন এখনও চালু হয়নি বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে এই ট্রেনগুলি কবে থেকে চালু হবে তা পরিষ্কার করে জানায়নি রেল কর্তৃপক্ষ।

এছাড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেনকে এখনো স্পেশাল ট্রেন হিসেবে চালানো হচ্ছে। যার জন্যে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে যাত্রীদের। গত ৩ তারিখ দক্ষিণ পূর্ব রেলের ডেপুটি চিফ অপারেশন ম্যানেজারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে আদ্রা- পুরুলিয়া, আদ্রা- মেদিনীপুর, আসানসোল- আদ্রা ও আদ্রা- বরাভূম লোকাল ট্রেন ৫ নভেম্বর থেকে চলাচল করবে। বাকি লোকাল ট্রেনের ব্যাপারে কোনও উল্লেখ নেই এই নির্দেশিকায়।

যাত্রীদের অভিযোগ, যেখানে আগে পুরুলিয়া থেকে লোকাল ট্রেনে কোনও স্টেশনে যেতে ভাড়া দিতে হতো ১৫ টাকা, এখন সেই ট্রেনে ভাড়া দিতে হচ্ছে ৪০ টাকা। স্টপেজ যা আগে ছিলো এখনো সেই স্টপেজ রয়েছে, শুধু স্পেশাল গাড়ির নম্বর দেওয়া হয়েছে। আগে যেখানে লোকাল ট্রেনে পুরুলিয়া থেকে আদ্রা যাওয়ার ভাড়া ছিল ১০ টাকা এখন স্পেশাল ট্রেনে ভাড়া গুনতে হচ্ছে ৩০ টাকা। একই ভাবে পুরুলিয়া থেকে আসানসোলের ভাড়া যেখানে ছিলো ২৫ টাকা এখন স্পেশাল ট্রেনে ভাড়া নেওয়া হচ্ছে ৪৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *