বাঘমুন্ডিতে হাতির হানায় নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গীকার স্থানীয় বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ২৭ জুন: হাতির হানায় নিহত যুবকের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করল অযোধ্যা অঞ্চল বিজেপি। ২৬ জুন বুড়দা কালিমাটি বনাঞ্চলের বাসাড়ে গ্রামের শঙ্কু সরেন(৩৩) হাতির হামলায় মারা যান। ওই দিন গ্রামের কাছে জঙ্গলে গরু নিয়ে যাওয়ার সময় দাঁতালের হানায় মৃত্যু হয় তাঁর। কানে কম শুনতে পেতেন ওই রাখাল। বনের শুকনো ডাল সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং রাখালের কাজ করতেন ওই যুবক। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার। দরিদ্র ওই পরিবারের কাছে হতাশা আর দুশ্চিন্তা দেখা দেয়।

আজ সেই পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানান, অযোধ্যা অঞ্চল বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপি জেলা আদিবাসী মোর্চার সাধারণ সম্পাদক কেদার সিং মুড়া জানান, “ঘটনাটি দুর্ভাগ্য জনক। বেদনাদায়ক। আমরা সেই শোকাহত পরিবারের সাথে দেখা করেছি এবং বিজেপি দল ওই পরিবারের পাশে থাকবে বলে কথা দিয়েছি।”

হাতির হানায় গত একমাসে অযোধ্যা পাহাড় ও সংলগ্ন এলাকায় এই নিয়ে তিন জনের মৃত্যু হল। সরকারিভাবে ক্ষতিপূণের ব্যবস্থা নেওয়া হলেও রাজনৈতিকভাবে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিযোগিতা দেখা দিয়েছে এখন। এর আগে দুটি হাতির হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক, কংগ্রেস জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *