প্রধান বিচারপতি বিন্দলের অপসারণ চেয়ে চিঠি বার কাউন্সিলের, জোর বিতর্ক হাইকোর্টের অন্দরেই

রাজেন রায়, কলকাতা, ২৮ জুন: নারদ মামলায় রাজ্য সরকার বিরোধী পক্ষপাতমূলক আচরণ করছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। তাই তার অপসরণের দাবি করে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি লিখলেন বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। কিন্তু সেই চিঠি ঘিরে ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত বার কাউন্সিলের সদস্যরা। তাদের একাংশের দাবি, কাউকে কিছু না জানিয়ে এই চিঠি লেখা হয়েছে। সকলের মত ছাড়াই বার কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের লেটার হেডে এ ধরনের চিঠি কী ভাবে লেখা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এই চিঠি আদালত অবমাননার শামিল বলেই দাবি ওই আইনজীবীদের।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের লেটার হেডে ছ’পাতার একটি চিঠি লেখেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর অপসারণের দাবি তোলেন।

বিতর্ক শুরু হয় তারপরই। বিকাশ ভট্টাচার্য, সমীর পালের মতো বিশিষ্ট আইনজীবীরা এর সরাসরি প্রতিবাদ করেন। কোনও বৈঠক ছাড়াই কী ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন। রাতে বিকাশ ভট্টাচার্য টুইট করে এর প্রতিবাদও জানান। কৈলাশ তামলি-সহ একাধিক আইনজীবীর বক্তব্য, “কোনও বৈঠক ছাড়াই বারের লেটার হেড ব্যবহার করে এ ধরনের চিঠি লেখা রীতিমত বেআইনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *