দেশের আইনি ব্যবস্থাকে সাধারণ মানুষের বোধগম্য করে তোলা হোক, মাতৃভাষা চর্চায় জোর প্রধানমন্ত্রীর

আমাদের ভারত, ৩০ এপ্রিল: দেশের শীর্ষ আদালতের বিচারপতি ও রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আয়োজিত সম্মেলনে দেশের বিচার ব্যবস্থাকে মজবুত করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী। জোর দিলেন আইন ব্যবস্থাকে সাধারণ মানুষের বোধগম্য করে তোলার বিষয়ে। বিচার ব্যবস্থাকে উন্নত করতে প্রযুক্তির ব্যবহারে কথাও বলেন প্রধানমন্ত্রী।

দিল্লি বিজ্ঞান ভবনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমাদের দেশের বিচার ব্যবস্থা যেখানে সংবিধানের অভিভাবকের ভূমিকা পালন করে সেখানে আইনসভা নাগরিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস সংবিধানের এই দুটি বিভাগের সম্মিলিত ভারসাম্য আগামী দিনে দেশের বিচার ব্যবস্থাকে আরও সমসাময়িক ও কার্যকরী করে তুলবে।

দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের আইনজীবী তাছাড়া উপস্থিত ছিলেন বেশিরভাগ রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যোগ দিয়েছেন এই সম্মেলনে।

সম্মেলন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় আইনসভার মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে ন্যায় বিচার ব্যবস্থায় এমন হওয়া উচিত সর্বসাধারণের জন্য সমান হবে এবং সকলেই এই বিচারে সমান সুযোগ পাবে। তিনি দাবি করেন তার সরকার বিচার ব্যবস্থার পরিকাঠামোকে শক্তিশালী করার চেষ্টা করছে। মামলার বোঝা কমাতে কর্মী নিয়োগ সবথেকে নতুন পদ্ধতির আবির্ভাব ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মোদী বলেন, বর্তমান যুগে প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। বিচারব্যবস্থাতেও প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। তিনি বিচারপতিদের অনুরোধ করেন এই বিষয়টি গুরুত্ব দিয়ে যেনো দেখা হয়। তার কথায় আগে ডিজিটাল লেনদেনকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু বিশ্বে অনলাইন লেনদেনকারী দেশগুলির মধ্যে ভারত আজ অন্যতম। মুঠোয় বন্দি মোবাইলের মাধ্যমে যাবতীয় লেনদেন সম্ভব হচ্ছে। বিচারব্যবস্থাতেও ওই ধরনের প্রযুক্তিকে ব্যবহার করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, যুব সম্প্রদায়ের জীবনের অংশ আজ প্রযুক্তি। এটা যাতে তাদের কর্মদক্ষতায় পরিণত হয় তার জন্য মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কর্ম ক্ষমতা বাড়াতে হবে। নয়া ব্যবস্থাকে সাধারণ মানুষের সাথে জড়িত হতে হবে। সাধারণ মানুষ যাতে বিচার ব্যবস্থাকে বুঝতে পারেন তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন দেশে এমন ভাবে আইন তৈরি করা হয় যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। মোদী বলেন, “আমার মতে আইন এমন ভাষায় লেখা হোক যাতে সাধারণ মানুষও বুঝতে পারেন। আমাদের দেশের বিচার পদ্ধতি সম্পূর্ণভাবে ইংরেজিতে পরিচালিত হয়”।

তিনি জানান বর্তমানে একাধিক রাজ্যেই প্রযুক্তিগত শিক্ষা মাতৃভাষায় পড়ানো শুরু হয়েছে। তার কথায় অনেক ছেলে মেয়েরাই বিদেশে যান মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। সেখানে যেমন তারা অন্য ভাষার পড়াশোনা করে তেমন আমাদের দেশে কেন মাতৃভাষায় চিকিৎসা বা প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা করা হবে না? তিনি মনে করেন, যদি মাতৃভাষায় পড়াশোনা ব্যবস্থা করা হয় তবে প্রত্যন্ত গ্রামের পড়ুয়াদের উচ্চশিক্ষায় কোনরকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *