সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৯ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেট ও গৌতম আদানীর দুর্নীতির প্রতিবাদে আজ সারা বড়জোড়াজুড়ে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন। বড়জোড়া শিল্পাঞ্চলের অলিতে গলিতে মিছিল করে চৌমাথা মোড়ে একটি বিক্ষোভ সভা করে সিপিআইএমের সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়ন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলের বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক তথা জেলা কৃষক নেতা সুজয় চৌধুরী, সারা ভারত কৃষক সভার বড়জোড়া ব্লক সম্পাদক বিশ্বেশ্বর গড়াই এবং খেতমজুর নেতা দয়াময় বাউরি ও মন্টু ঘোষ।

সুজয় চৌধুরী দাবি করেন, মোদী সরকারের অর্থমন্ত্রী তার বাজেটে কৃষকদের জন্য দিশাহীন বাজেট পেশ করেছেন। বেকার খেতমজুরদের জন্যও বাজেট অন্ত:সার শূন্য। খেতমজুর ও জন বিরোধী বাজেটের তীব্র প্রতিবাদ করেন তিনি। বিশ্বেশ্বর গড়াই অভিযোগ তুলেছেন গৌতম আদানি যেভাবে ব্যাঙ্ক ও বীমা থেকে ঋণ নিয়ে বাজারে ধস নামিয়েছেন তার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে দুর্নীতি করতে পূর্ণ সমর্থন জানিয়েছেন মোদী। গৌতম আদানির সাথে মোদী ও মমতার ঘনিষ্ঠতা নিয়েও সমালোচনা করেন তিনি।


