রাজেন রায়, কলকাতা, ১ মার্চ: মুখে বিজেপির বিরুদ্ধে শক্তপোক্ত জোটের কথা বললেও কার্যত আইএসএফকে জায়গা করে দিতে রীতিমত হাঁসফাঁস অবস্থা বামেদের। বাম-কংগ্রেসের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বসে বিমান বসু সেই ইঙ্গিতই দিলেন। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”জোটের একটা সর্বসম্মত মত থাকে, বক্তব্য থাকে। তার বাইরে বেড়িয়ে অন্য কিছু বলা ঠিক নয়। আশা করি, সকলেই তা বুঝতে পারবেন। পরবর্তীতে কেউ এমন কোনও আচরণ করবেন না।”
এদিন দুপুরে বৈঠকের কথা থাকলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মুর্শিদাবাদে চলে যান। মাঝপথ থেকে আবার ফিরে এসে বিধান ভবনের বৈঠকে যোগ দেন। এরপর সন্ধ্যেবেলা জোটের খবরাখবর জানাতে বিমান বসু, অধীর চৌধুরীরা যৌথ সাংবাদিক বৈঠকে বসেন। বিমান বসু স্পষ্টতই বার্তা দেন, জেলায় পার্টি নেতৃত্বের সঙ্গে কথা বলে আসন সংখ্যা চূড়ান্ত করা হবে।
এদিকে, অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে জোটে আইএসএফের অংশগ্রহণ নিয়ে কংগ্রেসের অবস্থান ফের স্পষ্ট করে দিলেন। তাঁর কথায়, ”বামেদের সঙ্গে জোট প্রক্রিয়া একরকম পথে এগোচ্ছিল। বহু আসন সমঝোতা হয়ে গিয়েছিল। তার মধ্যে দলে অংশ নেওয়ায় গোটা পদ্ধতি রিমডেলিং করতে হচ্ছে। তাই প্রায় ৯০ শতাংশ আসন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরও তা ধাক্কা খাচ্ছে। তবে আমরা কাল পরশুর মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দেব।”

