নবদ্বীপ পৌরসভার ১৬টি ওয়ার্ডে প্রার্থীদের তালিকা প্রকাশ করল বামফ্রন্ট

আমাদের ভারত, নদীয়া, ২৭ জানুয়ারি: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে নবদ্বীপ পৌরসভার রামসীতা পাড়া এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআইএম নেতৃত্ব। নবদ্বীপ পৌরসভা ওয়ার্ড ২৪ টি ওয়ার্ডের মধ্যে এই দিন মূলত ১৬ টি ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন সিপিআইএমের নদিয়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা নবদ্বীপ এরিয়া অবজারভার কমরেড সুমিত বিশ্বাস।

নবদ্বীপ পৌরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে আঠারোটি ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা লড়াই করবেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে। বাকি ছয়টি ওয়ার্ডে তাঁরা কোনও প্রার্থী দিচ্ছে না। তৃণমূল বা বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি ওই ওয়ার্ডগুলিতে প্রার্থী নির্বাচন করে বা নির্বাচনী যুদ্ধে লড়াই করতে এগিয়ে আসেন তাহলে বামফ্রন্ট তাদের সমর্থন করবে বলে এই দিনের সাংবাদিক বৈঠক থেকে জানালেন সুমিত বিশ্বাস।

নবদ্বীপ পৌর এলাকায় বামফ্রন্ট মনোনীত প্রার্থী তালিকা ভুক্ত আঠারো টি ওয়ার্ডের মধ্যেই এইদিন ষোলো টি ওয়ার্ডের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় বৈঠকের মধ্য দিয়ে। বাকি দুটি ওয়ার্ডের তালিকা পরে প্রকাশ করা হবে বলে জানান সুমিতবাবু। ২০২২ এর পৌর নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী তালিকায় বিশেষভাবে জায়গা পেয়েছেন কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কর্মে নিযুক্ত থাকা রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। এছাড়াও প্রার্থী তালিকায় মনোনীত হয়েছেন প্রাক্তন পৌরকর্মী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষক ও বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন এই ধরণের ব্যক্তিত্ব সহ সমাজসেবী ও শিক্ষিত বিদ্বজ্জনরা বলে দাবি করেছেন নবদ্বীপ এরিয়া সিপিআইএম কমিটির নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *