আমাদের ভারত, ২৪ আগস্ট: বিলকিস ধর্ষকদের মুক্তির ব্যাপারে গুজরাট সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করল পশ্চিমবঙ্গের বামফ্রন্ট। এই সঙ্গে ফ্রন্ট অবিলম্বে আসামিদের মুক্তি বাতিল করে কারাদন্ড বহাল রাখার দাবি জানিয়েছে।
বুধবার বামফ্রন্ট সভাপতি বিমান বসু এক বিবৃতিতে জানান, “স্বাধীনতা দিবসে একদিকে যখন প্রধানমন্ত্রী মহিলাদের সম্মান নিয়ে বক্তৃতা করছেন তখন অন্যদিকে গুজরাট সরকারের বদান্যতায় মুক্তি পায় বিলকিস বানো দলবদ্ধ ধর্ষণ ও তার চোখের সামনে পরিবারকে খুন করার আসামিরা। আদালতের রায়ে নয়, পঞ্চমহলের জেলাশাসককে চেয়ারম্যান করে গুজরাট সরকারের এক কমিটি এই মুক্তির সুপারিশ করে।
বিলকিস ধর্ষকদের মুক্তি বাতিলের দাবিতে এবং গুজরাট সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সিপিআই (এম) পলিটব্যুরো সদস্য সুভাষিণী আলি সহ আরও অনেকে। সুভাষিণী আলি সারা ভারত মহিলা সমিতির সহ সভাপতি হিসেবে এই মামলা করেন। তাঁর সঙ্গে আবেদন করেছেন সাংবাদিক ও লেখক রেবতী লাউল এবং সমাজকর্মী রূপরেখা বর্মা।
প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাট গণহত্যার সময়ে দাহোদের এক গ্রামে আক্রান্ত হয় বিলকিস বানোর পরিবার। ৩ মার্চ আক্রমণের সময়ে গাছ দিয়ে ঘেরা একটি মাঠের মধ্যে লুকিয়ে ছিলেন বিলকিস, সঙ্গে ছিলেন বিলকিসের পরিবার ও প্রতিবেশিরা। ২০-৩০ জন আততায়ী তাদের ঘিরে ধরে আক্রমণ করে। বানোর পরিবারের ১৪ জনকে খুন করে। বিলকিসের ৩ বছরের শিশুকে কোল থেকে ছিনিয়ে নিয়ে মায়ের সামনেই পাথরে আছাড় মেরে হত্যা করে। বিলকিস সহ ৮ জন মহিলাকে ধর্ষণ করে। তাঁদের মধ্যে ১ জন মারা যায়।
২০০৮ এর ২১ জানুয়ারি বিশেষ সিবিআই আদালত ১১ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। মুম্বাই হাইকোর্টও একই রায় দেয়।“

