নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক বামফ্রন্টের

রাজেন রায়, কলকাতা, ১১ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের আগে একাধিক ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বামফ্রন্ট। কিন্তু বৃহস্পতিবার সকালে মিছিলের শুরুতেই পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় নির্মম ভাবে লাঠিচার্জ, জল কামান চালানোর অভিযোগ উঠেছে। দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে শুক্রবার ১২ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিল বামফ্রন্ট।

বেকারদের চাকরি, রাজ্যে নতুন শিল্প সহ একাধিক দাবিতে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দেয় ১০টি বাম যুব সংগঠন। মিছিলে যোগ দেয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদও। হাওড়া ও শিয়ালদা থেকে দুটি মিছিল এসে মিলিত হওয়ার কথা ছিল কলেজস্ট্রিটে। শুরুতে শান্তিপূর্ণ ভাবে মিছিল চললেও ডোরিনা ক্রসিংয়ের কাছে মিছিল যেতেই পুলিশি প্রতিরোধের মুখে পড়েন আন্দোলনকারীরা। বামেদের অভিযোগ, দেড় মাস আগে এই কর্মসূচির কথা জানানো হলেও সহযোগিতা করেনি পুলিশ। এমনকি বিনা প্ররোচনায় নির্মম ভাবে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ ওঠে।

ডোরিনা ক্রসিংয়ে মিছিল আসতেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। যদিও তার আগে আন্দোলনকারীদের তরফে পুলিশকে মিষ্টি, স্যানিটাইজার তুলে দেওয়া হয়। যদিও পুলিশের দাবি, আন্দোলনকারীরাই প্রথম পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে। তারই পাল্টা প্রতিরোধে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *